এবার যোগ্য বিবেচিত একটি প্রতিষ্ঠানও এমপিওভুক্তির বাইরে থাকবে না। যে প্রতিষ্ঠানের যে স্তর যোগ্য সেই স্তরকে এমপিও দেয়া হচ্ছে। যোগ্য কোনো প্রতিষ্ঠান এমপিও থেকে বাদ পড়ছে না।
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও প্রদান সংক্রান্ত বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (২০ অক্টোবর) রাতে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে আন্দোলরত শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ওই বৈঠকে শিক্ষক নেতাদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, সরকার এমপিও দিতে প্রতিজ্ঞা করেনি। স্বেচ্ছায় সজ্ঞানে জেনেশুনে বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা চাকরি নিয়েছেন।হয়তো আশা করেছেন কোনো একদিন সরকারি সুযোগ সুবিধা পাবেন। কিন্তু সরকার কোনো দিন প্রমিজ করেনি। যে এতো তারিখের মধ্যে আপনাকে সুবিধা দেয়া দিবো। কিন্তু শিক্ষামন্ত্রীর এসব বক্তব্যে আস্থা রাখতে পারেননি ননএমপিও শিক্ষকরা।
ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সোমবার থেকে আমাদের অনশন কর্মসূচি হয়েছে। দাবি আদায়ে অনশনে যদি মৃত্যুও হলেও আমরা চিকিৎসাও নেবো না।
