নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনা র্যাপিড টেস্টিং কিট সরকারি অনুমোদন পায়নি বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ সোমবার (১১ মে ২০২০) রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা চিকিৎসা বিচ্ছিন্নভাবে না করে আরো পরিকল্পিতভাবে দরকার। তাই পরীক্ষা করার জন্য সরকারকে দ্রুত অনুমতি দিতে হবে।
তিনি জানান, প্রতিদিন ১০ লাখ করোনা কিট তৈরি করতে প্রস্তুতি নেওয়ার কাজ করছে গণস্বাস্থ্য। কিন্তু আনুষ্ঠানিক অনুমতি ছাড়া সেটা সম্ভব হচ্ছে না। তবে গণস্বাস্থ্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
জাফরুল্লাহ বলেন, দ্রুত পরীক্ষার ব্যবস্থা থাকলে যাদের নেগেটিভ ফলাফল পাওয়া যেত, নানা রোগে আক্রান্তদের ফিরিয়ে না দিয়ে অন্যান্য রোগের চিকিৎসা সহজ করা সম্ভব হতো।
এদিকে
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।
