নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল গত ২৪ ঘণ্টায় ১০৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে এ ভাইরাসে পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে। আর এখন পর্যন্ত ৫ জন পুলিশ কর্মকর্তা প্রাণ দিয়েছেন।

ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১৭৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় এক হাজার ২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৫ পুলিশ সদস্য। এদের মধ্যে চারজন ডিএমপি’র একজন এসবি’র সদস্য। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে আছে। দায়িত্ব পালনের সময় তারা যদি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষিত করতে পারেন। এ বিষয়ে আমরা তাদের সচেতন করেছি। সরকার থেকে স্বাস্থ্যবিধিসহ নানা নির্দেশনা পাওয়ার পরপরই আমরা আমাদের পুলিশ সদস্যদের এগুলো জানাচ্ছি। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। তাদের মাস্ক এবং হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে। এছাড়াও তারা যেসব অফিস ও ব্যারাকগুলোতে তারা থাকছে সেখানে আমরা পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহার করেছি।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে তিনি বলেন, হাসপাতালগুলোতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসার পাশাপাশি তাদের মনোবল যেন অটুট থাকে এজন্য ঊর্ধ্বতন অফিসাররা এবং তাদের লাইন চিফরা তাদের হাসপাতালে ভিজিট করছেন। এছাড়াও অসুস্থদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখার জন্য সদরদফতর থেকে স্ব-স্ব ইউনিটকে জানানো হয়েছে।

উল্লেখ্য,  স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ এপ্রিল ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এদের তিনজন পুরুষ, দুজন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।