দেড় বছর পর নতুন বছরের শুরুতে চাকরি সরকারি হচ্ছে জাতীয়করণকৃত কলেজের ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তার। এসব শিক্ষকদের যাচাই বাছাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে। ২০১৮ সালের আগস্টের পর নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর আগে ৩০৩টি বেসরকারী কলেজকে জাতীয়করণ করেছিল সরকার।
দীর্ঘ সময় ধরে শিক্ষকরা অভিযোগ করছেন, তাদের ফাইল নানা জটিলতার মাঝে পড়ে দীর্ঘদিন আটকে আছে। এর ফলে জাতীয়করণকৃত অনেক শিক্ষকই অবসরে চলে গেছেন। ফলে তারা নানবিধ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরাও এর কোনো সুফল পাচ্ছেন না।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় বলছে,শিক্ষকদের চাকরি সরকারি করার কাজে স্বাভাবিকভাবেই বেশি সময় লাগে। তবে চলতি মাসেই যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিগগিরই এসব শিক্ষক- কর্মকর্তাদের চাকরি সরকারি হবে। আত্তীকরণ বিধিমালা ২০১৮ অনুযায়ী সব কাজ পরিচালনা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
