ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদ ভবনে দায়িত্বরত ৫৩ জন আনসার সদস্য। এ ছাড়া সংসদ সদস্যদের আবাসিক এলাকা ন্যাম ভবনে দায়িত্বরত ৫ জন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ মে ২০২০) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যোগাযোগ ও গণসংযোগ শাখার উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্দ্ধতন কর্মকর্তাসহ ১৬১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন মারাও গেছেন।
মেহেনাজ তাবাসসুম রেবিন আরও জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন নারী আনসার ও একজন নার্সিং সহকারী। আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকা শহরের ৬৬ জন রয়েছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আক্রান্তদের মধ্যে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৩৪ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল, ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন।
এ ছাড়া করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মারা গেছেন। তার আব্দুল মজিদ। তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।
আমাদের বাণী ডট কম/১২ মে ২০২০/পিপিএ
