ডেস্ক রিপোর্ট, ঢাকা; ‘সংবাদপত্রে বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে তাগিদ দেয়া হয়েছে যাতে করে সংবাদকর্মীদের বেতন দিতে সুবিধা হয়’
সংবাদকর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (১১ জুলাই ২০২০) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, “জীবনকে হাতের মুঠোয় নিয়ে সাংবাদিকরা করোনাভাইরাস মহামারির ভেতর কাজ করছেন। অনেকে আক্রান্ত হয়েছেন। কয়েকজন মৃত্যুবরণ করেছেন। সাংবাদিকরা হাত গুটিয়ে বসে থাকলে মালিকেরা চাইলেও গণমাধ্যম চালু থাকতো না।”
“মানবিক বিবেচনায় সরকার সাংবাদিকদের সহায়তা করছে। তেমনিভবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মালিকদেরও সাময়িক কষ্ট হলেও গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে ও তাদেরকে চাকুরিচ্যুত না করার অনুরোধ জানাই,” যোগ করেন তিনি।
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, “সংবাদপত্রে বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে তাগিদ দেয়া হয়েছে যাতে করে সংবাদকর্মীদের বেতন দিতে সুবিধা হয়।”
ড. হাছান আরও বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ইতোমধ্যে ৩ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এসব পরিবার থেকে আবেদন করা হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও সহায়তা দেয়া হবে।”
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল।
আমাদের বাণী ডট কম/১১ জুলাই ২০২০/পিপিএম
