ডেস্ক রিপোর্ট, ঢাকা; আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
- আজ রবিবার (০৭ জুন ২০২০) দুপুরে নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া এ কথা জানান।
তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো ডিপ কোমায় আছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
- এর আগে গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে শ্যামলির বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। পরে গত শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার একটি অপারেশন হয়।
অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
- গতকাল রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে কনক কান্তি বড়ুয়া টেলিফোনে জানিয়েছিলেন, ‘মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং ডিপ কোমায় রয়েছেন।’
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩৯০৩ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৮৪২টি। নমুনা পরীক্ষা করেছি ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৪৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭৮ জন। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ৭ জন।
আমাদের বাণী ডট কম/০৭ জুন ২০২০/সিসিপি
