ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভিরুল ইসলাম জানান, মামলার পর ২৭ অক্টোবর রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহবাহান ডাবরা এলাকার আব্দুল জব্বারের ছেলে রিয়াজুল ইসলাম রিয়াদ (২০), তার বন্ধু ঠাকুরগাঁও শহরের সেনুয়াপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে ফয়সাল (২০) ও শহরের আদর্শ কোলনির মুন্সিপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে সবুজ (২০)। পরিদর্শক তানভিরুল মামলার নথির বরাতে বলেন, ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে রওশনপুর এলাকা থেকে এই কিশোরীকে রিয়াজুল সহ ৪ জন মুখ চেপে ধরে অটোরিকশা তুলে নিয়ে যান।
গোবিন্দনগরের শ্রীকেষ্টপুর আদিবাসী পাড়ার একটি আখক্ষেতে নিয়ে ৪ জন তাকে ধর্ষণ করেন। বেলা ২টার দিকে রিয়াজুল তাকে অটোরিকশায় করে শহরের দুরামারি এলাকায় মেসে নিয়ে আবার ধর্ষণ করার সময় কিশোরীর চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ২৫ অক্টোবর শুক্রবার ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন ঐ স্কুলছাত্রী।
পরিদর্শক বলেন, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
