নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ; জেলার সিঙ্গাইর পৌর এলাকায় আব্দুল বাকী (৬০) নামে এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার (০৪ এপ্রিল ২০২০)  রাত ১২টায় ওই এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০) সকালে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাবলিগ জামাতে এসে করোনায় আক্রান্ত আব্দুল বাকী ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলিগ জামাতে এসেছিলেন।

ইউএনও রুনা লায়লা জানান, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যর একটি তাবলিগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে আব্দুল বাকীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনা শনাক্ত হলে তাকে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা আরও জানান, আব্দুল বাকীর সঙ্গে থাকা অন্য ১১ সদস্য ও স্থানীয় ছয় সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে আব্দুল বাকীর করোনায় আক্রান্তের খবর জানানো হয় বলেও উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  এ ঘটনায় সিঙ্গাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।