নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বাংলাদেশে করোনাভাইরাস ঠেকাতে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  আজ সোমবার (২৩ মার্চ ২০২০) দুপুরে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে এই আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব ।

এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনী সারাদেশে মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে বলেও জানানো হয়। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খোলা থাকবে হাসপাতাল ও জরুরি সেবা।  এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও)।

উল্লেখ্য, সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফলে ৩৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিনজন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। বর্তমানে চিকিৎসাধীন ২৫ জন। মোট আক্রান্তদের মধ্যে ১১ জনের দীর্ঘমেয়াদি রোগব্যাধি রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ জনের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৫ জন আক্রান্ত হন। দ্বিতীয় সর্বোচ্চ মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুর ও চুয়াডাঙ্গায় একজন করে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

আজ সোমবার (২৩ মার্চ ২০২০) বিকেলে করোনাভাইরাস-সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

আমাদের বাণী ডট কম/২৩ মার্চ ২০২০/টিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।