সাভারে সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ গাজীরচট বটতলা এলাকায় সড়কের পাশ থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ গাজীরচট এলাকার একটি শাখা সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই নবজাতকের পরিচয় না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় তাকে দাফন করা হয়।
তিনি আরও বলেন, মৃত নবজাতকটি দেখে ধারণা করা হচ্ছে গত রাতেই ভূমিষ্ঠ হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে নিহত নবজাতকের পিতা-মাতার পরিচয় জানার চেষ্টা চলছে।
