প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার বিকেলে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত কমছে। শিশু হাসপাতালে আজ (শনিবার) ১৭৩ জন ভর্তি হয়েছেন, এর মধ্যে সাতজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
‘শিশু হাসপাতলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আলাদা সেল করা হয়েছে। এখানে এ জ্বরে আক্রান্তদের চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থা করা হচ্ছে।’ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, রোগীর সেবায় ডাক্তার-নার্সরা দিন রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তারা।
তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী সার্বিক খোঁজ-খবর রাখছেন। রোগীদের যেন কোনো সমস্যা না হয় তারা যাতে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন কিনা, বিনামূল্যে টেস্ট করতে পারছেন কিনা- এসব বিষয়েই তিনি নির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে,
রাজধানীসহ সারা দেশে দিন দিন বেড়েই চলেছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে গত ২৪ ঘণ্টাতেও। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে, রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪৯ জন।
এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৯৬৯ জন। ঢাকার বাইরে জেলা ও উপজেলা সদরে ভর্তি হয়েছেন ৬৮০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, রাজধানীর বাইরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৯০৫ জন। চিকিৎসাধীন আছেন ২৩৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫২৪ জন। সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯১৯জন। আর মারা গেছেন ১৮ জন।
বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ঈদুল আজহায় ঢাকা ছাড়বে প্রায় অর্ধকোটি মানুষ। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ জন্য জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়ার পরামর্শ দিয়েছেন তারা।
