ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সভায় আজীবন সদস্যপদ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এতে সম্মতি দেননি সহ-সভাপতি (ভিপি) নুরুলহক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
বৃহস্পতিবার ডাকসুর ২য় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদের প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবে অন্যদের সম্মতি থাকলেও ভিপি ও সমাজসেবা সম্পাদক ভিন্নমত পোষণ করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। কিন্তু এতে ভিপি নুরুলহক নুরের স্বাক্ষর নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর না থাকার বিষয়ে জানতে চাইলে নুরুলহক নুর বলেন, আমরা সবাই জানি ডাকসু নির্বাচন একটি বিতর্কিত নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে। ডাকসুও এখন কলঙ্কিত। আর মাননীয় প্রধানমন্ত্রী এমন কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে গড়া সংগঠনের আজীবন সদস্য হোক এটা আমি চাইনি।
তিনি আরও জানাান, আমি এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই প্রস্তাবে সমর্থন জানায়নি। তাই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করিনি। ডাকসুর জিএস আমাদের মতামত উপেক্ষা করেই এই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিষয়টি ছাড়া বাকি প্রস্তাবগুলোতে আমাদের সমর্থন ছিল বলেও তিনি জানান।
