সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রধান যোগ্যতা হবে তিনি ওই স্কুলের অভিভাবক। অর্থাৎ সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এই সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম ও ফেরদৌসী ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর মূল ভিত্তি। সে কারণে প্রাথমিক বিদ্যালয় হতেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। আর সুশিক্ষা নিশ্চিত করতে স্কুল পরিচালনা কমিটিকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে বর্তমান সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। ওই সকল পদক্ষেপ যথাযথ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেছে কমিটি।
