নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর; এক পরিবারের পাঁচজন ও এক এসএসসি পরীক্ষার্থীসহ ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আজ রবিবার (১০ মে ২০২০) বিকেলে ফরিদপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ নতুন করে যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে তাদের পাঁচজন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে।
আক্রান্তদের এক ভাবি সম্প্রতি ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে বাড়িতে আসেন। তার (ভাবি) আগেই করোনা শনাক্ত হয়। তার স্পর্শে আসায় ওই পরিবারের এই পাঁচ সদস্যরও করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া করোনা শনাক্ত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থীর। তার বয়স ১৮। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
ফরিদপুরের সিভিল সার্জন মো: ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে রোববার নতুন করে ছয়জন করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৩২ জনের মধ্যে বোয়ালমারীতে ১০, ফরিদপুর সদরে ৭, নগরকান্দায় ৫, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় ও সদরপুরে ২ জন করে এবং মধুখালীতে ১ জন করোনায় শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো বলেন, এর মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে নগরকান্দার চার এবং বোয়ালমারী ও ভাঙ্গায় একজন করে রয়েছেন।
সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ইউনিয়নের ওই বাড়িটি আগেই বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার সদরপুরের ঢেউখালী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীর বাড়িটিও বিচ্ছিন্ন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০ মে ) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২২ হাজার ৬৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৮৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫০ জন।
আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ
