শুক্রবার গভীর রাতে বগুড়া-রংপুর মহাসড়কে নৈশকোচ বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে শুক্রবার সকালে ট্রাকচাপায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বগুড়া সংবাদদাতা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রাহবার এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঢাকা যাচ্ছিলো। তবে ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে বাসটি শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশ বক্সের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন।
নিহত মায়ের নাম মোছাঃ শাবনুর আক্তার (২২) ও তার আড়াই বছর বয়সী মেয়ে শিশু মঞ্জিলা। নিহত শাবনুরের স্বামী মনোয়ার হোসেন। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামে। নিহত অপর শিমুর নাম মেহেদী হাসান (৩)। সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পারগাঁও গ্রামের আল আমিনের সন্তান।
খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে।
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে শুক্রবার সকালে ট্রাকচাপায় দুজন নিহত হন। নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিফাপাড়া গ্রামের জেল হোসেন (৬৫)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, যাত্রীবাহী একটি ভ্যান কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিউলি খাতুন নামে এক নারী মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জেল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
তিনি জানান, এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
