বরগুনার বামনায় বোর্ডের প্রশ্নপত্র উপেক্ষা করে নিজেদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের সরকারি বামনা সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কেন্দ্রে শনিবার এ ঘটনা ঘটে।
বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য মতে, ২০১৯ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র প্রশ্নব্যাংক থেকে অনলাইনে সরবরাহ করতে হবে। এ বিষয়ে প্রতিটি কেন্দ্রের ভেন্যুর প্রধান শিক্ষকদের নিয়ে গত ১৬ জুন প্রশিক্ষণের ব্যবস্থা করে বরিশাল শিক্ষা বোর্ড। সেখানে নির্দেশনা দেওয়া হয়, পরীক্ষা শুরুর এক দিন আগে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোর্ডের ওয়েবসাইটে প্রশ্নপত্র দেওয়া থাকবে। সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান নির্ধারিত কোড নম্বর ব্যবহার করে ওয়েবসাইটের প্রশ্নব্যাংক থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে নেবে।
বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল আজিম বলেন, ‘ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
