নিশ্চিত নয়, শুধুমাত্র সন্দেহের বশে বারো বছর বয়সী এক কিশোরকে গ্রামপুলিশের চৌকিদার ও তার ছেলে এমন মারাই মারল যে কিশোরটিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হলো।
নির্যাতনের শিকার কিশোর নুর মোহাম্মদ সজীব স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ নভেম্বর) নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়।
পরে শনিবার (২ নভেম্বর) সজীবের মা গ্রাম পুলিশ আব্দুল্লাহ ও তার ছেলে ইসমাইল হোসেন মিলনকে আসামি করে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নের ধনীপাড়া এলাকায় শুক্রবার বিকেলে আবদুল্লাহ চৌকিদারের দোকান থেকে ১২০ টাকা মূল্যের মোবাইল কার্ড চুরির অভিযোগে নুর মোহাম্মদ সজিবকে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে আবদুল্লাহ চৌকিদার ও তার ছেলে মিলন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত গ্রাম পুলিশ আব্দুল্লাহ ও তার ছেলে ইসমাইল হোসেন মিলনকে গ্রেফতার করে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
