রাজধানীর বনানীতে এক ভ্যানচালককে বাঁচাতে গিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান চলন্ত অবস্থায় উল্টে গিয়েছে। এ ঘটনায় ১৩ এপিবিএন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিববার (১০ নভেম্বর) ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে বেশ কয়েকজন আহত এপিবিএন পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছয়জন হলেন-আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ।
দুর্ঘটনায় আহত এপিবিএন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে আমরা ১৫ জন ধানমন্ডির দিকে যাচ্ছিলাম। আমাদের পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি তিনচাকার ভ্যান চলন্ত গাড়িটির সামনে এসে পড়ে। এসময় আমাদের পিকআপের ড্রাইভার ওই ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ব্রেক কষলে আমাদের গাড়িটি উল্টে যায়। এতে সবাই কমবেশি আহত হনে।
