নিজস্ব সংবাদদাতা, রাজশাহী; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এ প্রান্ত থেকে ও প্রান্ত বিশ্বের প্রতিটি দেশেই যেন বিদ্যুতের গতিতে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সংখ্যা। সাথে লাশের মিছিলও হচ্ছে বড়। এরমধ্যেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৫ জন।
আর এই করোনা আতঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহী নগরীতে কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষে আনার অভিযোগে আহমেদ কুরিয়ার সার্ভিসকে বুধবার এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা জানান, করোনা আতঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহী নগরীতে আহমেদ কুরিয়ার সার্ভিস, কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষ নিয়ে আসে। বিষয়টি অবগত হলে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলী জরিমানা প্রদান করেন।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/সিসি
