নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর; জেলায় পাঁচ বছরের এক শিশুসহ নতুন করে আরো ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৬০ জন।
আজ সোমবার (১১ মে ২০২০) শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ডামুড্যা উপজেলার সিড্যা এলাকায় ৬জন, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় ১জন এবং জাজিরা উপজেলায় ১জন। এর মধ্যে পাঁচ বছরের এক শিশু, ১৯ থেকে ২৫ বছরের তিনজন, ২৬ থেকে ৩৫ বছরের দুইজন ও ৫০ থেকে ৫৫ বছরের দুইজন রয়েছে। যার মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী।
ডা. আবদুর রশিদ আরো জানান, সোমবার পর্যন্ত জেলায় ১ হাজার ৩৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট ১ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো আটজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। করোনা সন্দেহে দুইজন এবং করোনায় আক্রান্ত দুই রোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে । করোনা সংক্রমণ থেকে সুস্থ্য হয়েছেন ডামুড্যা পৌরসভা এলাকার এক নারী ও নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়নে ১জন পুরুষ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।
