মানিকগঞ্জ সংবাদদাতা; জেলার সাটুরিয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
- আজ শুক্রবার (০৫ জুন ২০২০) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ৬০ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এরমধ্যে ২৩ জনের পজিটিভ আসে। নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সাটুরিয়া সদর, ফুকুরহাটি ও ধানকোড়া ইউনিয়নে। নতুন করে ১৪ জন সুস্থ হয়েছে।
- সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার পাঠানো হয়েছিল। এদের মধ্যে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮২৮জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল৬০ হাজার ৩৯১ জনে। ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮টি। আক্রান্তের হার ২০.০৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৮০৪ জন। সুস্থতার হার ২১.২০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৩ জন ও নারী সাতজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, সিলেট বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, বরিশাল বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ ১১ জন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাড়িতে ১৩ জন।
আমাদের বাণী ডট কম/০৫ জুন ২০২০/সিসিপি
