পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে বঙ্গোপসাগর সংলগ্ন তালপট্টি এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা মুক্তিপণ দাবি করে ৬ জেলেকে অপহরণ করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে অস্ত্রের মুখে বন দস্যুরা জেলেদের জিম্মি করে ভারতীয় সীমানায় নিয়ে যায় বলে ফিরে আসা জেলেরা জানায়।
অপহৃত জেলেরা হলেন- পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে ইকবাল সরদার (২৫), রিয়াজুল গাজীর ছেলে জিন্নাত গাজী (২৮), ডুমুরিয়া গ্রামের মুছা মিস্ত্রীর ছেলে আলামিন (২৬), ছোট ভেটখালী গ্রামের দৌলত ফকিরের ছেলে মহিবুল্লাহ (৫৫), খালেক গাজীর ছেলে আশিক গাজী (৪০) এবং পার্শ্বেখালী গ্রামের এন্তাজ সরদারের ছেলে আসাদুজ্জামান (৩৩)।
অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে বড় ভেটখালী গ্রামের কওছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ জানায়, সপ্তাহ খানেক পূর্বে বুড়িগোয়ালিনী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনে তালপট্টি এলাকায় মাছ ধরার সময় জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে ৭লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
জেলে অপহরণের বিষয় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
