নীলফামারীর সৈয়দপুরে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছে। ওই ব্যক্তির নাম তৈয়ব আলী। গতকাল সোমবার (০৬ জানুয়ারি ২০২০) রাতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত তজিম উদ্দিনের পুত্র।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমেদুল হাসান সম্রাট জানান, গত ৪ জানুয়ারি দুপুর ১২টায় শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে তার স্বজনদের বলা হয়। কিন্তু তার স্বজনরা রংপুরে না নিয়ে এখানে চিকিৎসা গ্রহণ করেন। এ অবস্থায় রাত আনুমানিক ১০টায় রোগীর মৃত্যু হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত তিন দিনে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তবে রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। তার মতে একটু সচেতনভাবে চলাফেরা করলে আক্রান্তের সংখ্যা কম হতো।
এদিকে সৈয়দপুরসহ এ অঞ্চলে শীত জেঁকে বসেছে। প্রচন্ড শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে মৃদু শৈত্যপ্রবাহের কারণে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতে কষ্ট ভোগ করছেন। সরকারি-বেসরকারী পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিস জানায়, দিনের বেলা রোদের দেখা না মেলায় দিনে ও রাতের তাপমাত্রা হ্রাস পেয়েছে। আজ মঙ্গলবার সকালে ও গতকাল সোমবার রাতের তাপমাত্রা ২১.৩ ডিগ্রী থেকে ৯.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী পর্যন্ত নেমে যাচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।
