ডেস্ক রিপোর্ট, ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক হিসেবে ডা. আমিনুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন ডা. ফরিদ হোসেন।

একইসঙ্গে, হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত (ওএসডি) করা হয়েছে।

মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল- এমবিডিসি এর উপপরিচালক ছিলেন ডা. ফরিদ। তার আগে, মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন তিনি।

গতকাল বুধবার (২২ জুলাই) অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হয়। রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নেই জানার পরও করোনা চিকিৎসার জন্য অনুমোদন দেয়া, হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেন তিনি। পাশাপাশি রিজেন্টকে অর্থ ছাড়ের জন্য বার বার মন্ত্রণালয়ে সুপারিশও করেন ডা. আমিনুল।

এর আগে, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। গত মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে জনপ্রশাসন প্রজ্ঞাপন দেবে। এরপর পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নিয়োগ সম্পন্ন হবে।’

আমাদের বাণী ডট কম/২৩  জুলাই ২০২০/পিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।