ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাস সংক্রমণের পর স্বাস্থ্য অধিদফতরের চালু করা হটলাইনে প্রতিনিয়ত কমছে চিকিৎসাসেবা চেয়ে ফোনগ্রহণের সংখ্যা। এবার একদিনে সেটা ৫০ হাজারের নিচে চলে এসেছে।
আজ রবিবার (০২ আগস্ট ২০২০) দুপুরে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৯ হাজার ৮৪০টি। এর মধ্যে স্বাস্থ্য বাতায়নে গ্রহণ করা হয়েছে সাত হাজার ৪৩২টি, ৩৩৩ হটলাইনে গ্রহণ করা হয়েছে ৪২ হাজার ১৩৩টি এবং আইইডিসিআরের হটলাইনে গ্রহণ করা হয়েছে ২৭৮টি কল।
গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ৪৩২ জন এবং এ পর্যন্ত করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন এক লাখ ৫৪ হাজার ১৯৯ জন।
দেশে করোনা সংক্রমলণ শুরু হওয়ার অল্প কয়েক দিনের মধ্যে এসব হটলাইন নম্বরে ফোনকল প্রতিদিন এক লাখের উপরে চলে যায়। এরপর তা বাড়তে বাড়তে দুই লাখের উপরে চলে যায় প্রতিদিন গ্রহণ করা ফোনকলের সংখ্যা।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০১ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৬৯টি নমুনা সংগ্রহ ও ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জনে।
আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম
