বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত সমন্বিত লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এক হাজার ২২৯ সিনিয়র অফিসার পদের জন্য গত ২৫ মে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থী অংশ নেন। ফল প্রকাশের আগেই পরীক্ষার দায়িত্ব পাওয়া আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খাতা বিক্রি করে দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাতিলকৃত পরীক্ষা হবে আগামী ২ আগস্ট।

আর ঢাকা শহরে এত সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ থাকতে বিতর্কিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেন ব্যাংকের লিখিত পরীক্ষা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

পরীক্ষা বাতিল বিষয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকার্স সিলেকশন কমিটি একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে অনিবার্য কারণে গত ২৫ মে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে বলা হয়েছে। বাতিলকৃত পরীক্ষার নতুন সময়সূচি দেয়া হয়েছে আগামী ২ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। রোলের ক্রমানুসারে কোথায় কার পরীক্ষা হবে, তা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সমন্বিত আট প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা নেয়ার দায়িত্ব পায় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি খাতা মূল্যায়ন করে ফল কেন্দ্রীয় ব্যাংকে পাঠায়। নিয়মানুসারে ফলের সঠিকতা দেখতে নমুনা ভিত্তিতে খাতা যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের একটি টিম সেখানে যায়। তাদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুরাতন খাতা মনে করে ভুল করে সেই খাতা বিক্রি করে দেয়া হয়েছে। পরবর্তী সময়ে চেষ্টা করেও তা আর ফেরত আনা যায়নি। এ রকম পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ই আবার পরীক্ষা নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।