বাগেরহাটের চিতলমারীতে নয়ন মন্ডল (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, নয়ন উপজেলার ডুমুরিয়া গ্রামের জগদীশ মন্ডলের ছেলে। অত্যচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মা সবিতা মন্ডল ডুমুরিয়া যৌথ বাহিনী ক্যাম্পের পুলিশের কাছে তাকে ধরিয়ে দেন।
ডুমুরিয়া যৌথ বাহিনী ক্যাম্পের ইনচার্জ এএসআই প্রভাষ সরকার জানান, নয়ন মন্ডল একজন মাদকাসক্ত যুবক। সে প্রতিনিয়ত নেশার টাকার জন্য বাড়িতে ভাংচুর ও অত্যাচার-নির্যাতন চালাতো। বুধবার বিকেলে সে বাড়ির টিভি ও আসবাবপত্র ভাংচুর করে। তার অত্যচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় মা সবিতা মন্ডল ক্যাম্পে এসে খবর দিলে পুলিশ তাকে আটক করে। আটককৃত নয়নের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে ডুমুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ কিসমত আলী শেখ, মকিম সরদার ও রনজিৎ বাড়ই বলেন, এতদিনে নয়নের মা সবিতা একটি কাজের কাজ করেছেন। যাদের সন্তানরা এরকম তাদের একটু শক্ত হওয়া উচিৎ।
