ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ জুন ২০২০)  রাত সাড়ে ১২ টার দিকে জেলার আখাউড়ায় উপজেলার মোগড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

  • জানা যায়, ঢাকায় হৃদরোগের চিকিৎসা করতে গিয়ে গত ২৪ মে ওই ব্যবসায়ীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নেয়ার পর ২৮ মে বাড়িতে ফেরেন। গত ৫ জুন তিনি নতুন করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে পরবর্তীতে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা নেগেটিভ আসে।

মৃত ব্যবসায়ীর ছেলে কৌশিক সাহা জানান, তার বাবা গত ১৭ মে মোগড়া বাজারে ৩৫০ জন দরিদ্র মানুষের মধ্যে ব্যক্তিগত অর্থে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণের দুইদিন পর হঠাৎ হার্টের রোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর শরীরে জ্বর আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন। ২৪ মে রিপোর্টে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

  • তিনি জানান, করোনা শনাক্তের পর ল্যাব এইড হাসপাতালের আইসোলেশনে কয়েকদিন থাকার পর ডাক্তার ছাড়পত্র দিলে তার বাবাকে ২৮ মে আখাউড়ায় এনে হোম আইসোলেশনে রাখা হয়। ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে থাকায় তারা আখাউড়া হাসপাতাল কিংবা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়নি। গত ৫ জুন শুক্রবার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবগত করে নতুন করে করোনাভাইরাসের নমুনা দেয়া হয়। পাশাপাশি অন্যদেরও নমুনা দেয়া হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শ্যামল চন্দ্র ভৌমিক জানান, ওই ব্যক্তির করোনা শনাক্ত হয় ঢাকায়। পরবর্তীতে তিনি আবার নমুনা দিতে আসেন। নমুনা নিয়ে ওনাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়। গত মঙ্গলবার আসা ফলাফলে তিনিসহ পরিবারের সবার রিপোর্ট নেগেটিভ আসে।

  • এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির লাশের সৎকার করা হয়েছে। পাশাপাশি যারা সৎকারে অংশ নিয়েছেন তাঁদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।