খুব শিগগিরই প্রাথমিক শিক্ষকদের দাবী-দাওয়ার বিষয়ে একটি যৌক্তিক এবং সন্তোষজনক সমাধান হবে বলে জানা গেছে। মঙ্গলবার শিক্ষকদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বেতন গ্রেড উন্নীতকরণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। আশা করা যায় যে, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে খুব শীঘ্রই সম্মানিত শিক্ষকগণের দাবী-দাওয়ার বিষয়ে একটি যৌক্তিক এবং সন্তোষজনক সমাধানে উপনীত হওয়া সম্ভব হবে।

প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারি হিসেবে সন্মানিত শিক্ষকগণকে আন্দোলন বা সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে বেতন বৈষম্য নিরসন তথা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত মোর্চা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।

বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শত শত শিক্ষক ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা জানান, আগামীকাল সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে হাজার হাজার শিক্ষক ঢাকায় আসছেন। এদিকে শিক্ষক নেতারা ঢাকায় পৌঁছেছেন। আজ মঙ্গলবার শিক্ষক নেতারা শহীদ মিনারে মহা সমাবেশ আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেনকে মহাসমাবেশের বিষয়ে জানানো হয়েছে। আশা করছি কাল শহীদ মিনার জনসমুদ্রে পরিনত হবে।

শিক্ষক নেতারা জানান, বেতন বৈষম্য নিরসনের প্রধানমন্ত্রীর আশ্বাস পেলে সাথে সাথে সব কর্মসূচি প্রত্যাহার করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।