“একটি বই একশটি বন্ধুর সমান। কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।” এ পি জে আব্দুল কালামের এই অমর বাণীর সত্যতা প্রমাণিত হয়েছে শিক্ষা জীবনের বিভিন্ন ধাপে ধাপে। সোমবার দিনব্যাপী র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, কেট কেটে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উড়ানোসহ ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের মধ্য দিয়ে ব্যাচ ডে পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩১ তম ব্যাচ।
জানা গেছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যায়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ব্যাচ ‘অদম্য ৩১’ যাত্রা শুরু করে। অদম্য ৩১’র ব্যাচ ডে’র তিন বছর পূর্তি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় আনন্দ র্যালি শুরু হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৫ টি বিভাগের প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। র্যালি শেষে উপস্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। এসময় তারা প্রধান ফটক, ডাইনা চত্ত্বর, প্রশাসন ভবন চত্ত্বর, ফুটবল মাঠ, শহীদ মিনার, স্মৃতিসৌধ, মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল, মুক্ত বাংলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার অভিযান চালায়। অভিযান শেষে সকলে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার শপথ পাঠ করে। পরে সকলে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেট কাটা অনুষ্ঠানে যোগদান করে। কেক কাটার পর তারা অসহায় ও দুস্থদের মাঝে কেক বিতরণ করে। এর পর শুরু হয় আলোচনা সভা।
সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোহা: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সাদ্দাম হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: আতিকুর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চলনা করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান ও প্রিয়াংকা কুণ্ডু।
বিকাল আড়াইটা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ব্যাচের বন্ধনকে আরো মজবুত করারা লক্ষ্যে ফানুস উড়ানো হয়।
