নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরের সরকারি ছুটিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

আজ বুধবার (১৩ মে ২০২০) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে মাউশির অধীনস্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

এতে আরও বলা হয়, করোনাভাইরাসের কোভিড-১৯) বিস্তার রোধকল্পে মাউশি ও এর আওতাধীন সকল দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বর্তমান অবস্থানরত স্থানে থেকে নিজ নিজ দায়িত্ব করতে হবে।

এ নির্দেশনা কার্যকর করতে সকল দফতর ও প্রতিষ্ঠান প্রধান, নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ (১৩ মে ২০২০)  হেলথ বুলেটিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে সাত হাজার ৯০০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৯ জন, এটিও রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৬১ জন।

আমাদের বাণী ডট/১৪   মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।