নিজস্ব সংবাদদাতা, ঢাকা; প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।
অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ওয়ার্ড মাস্টার আবদুল গফুর জানান, গত ৫ মে করোনার উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হয়েছিলেন ড. নাজমুল করিম চৌধুরী।
অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছিলেন একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনার অসাধারণ গুণী ব্যক্তি। এছাড়াও তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অনারারি ট্রেজারারসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ পাঁচ হাজার ৫১৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন, তার আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।
আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ
