নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আতিকুর রহমান দোলন মারা গেছেন।
- গতকাল সোমবার (১৫ জুন ২০২০) বিকেলে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান ও আতিকুর রহমান দোলনের মামা আকতার হোসেন।
- জাকির হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, আতিকুর রহমান সর্বশেষ গত ২৮ মে অফিস করেন। এরপর থেকেই তিনি অসুস্থ। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে তার জ্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মুগদা হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
- আতিকুর রহমান দোলনের মামা আকতার হোসেন বলেন, সোমবার রাতে দক্ষিণ কমলাপুর কবরস্থানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে তার (দোলন) জানাযা ও দাফন হয়েছে। এ মাসের প্রথম সপ্তাহে আতিকুর রহমানের বাবাও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
প্রসঙ্গত, এখন পর্যন্ত সোনালী ব্যাংকের ৫ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়া ১৪০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৬ জুন ২০২০) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।
আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম
