চট্টগ্রাম সংবাদদাতা; সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এমপি ছাড়া আক্রান্ত অন্যদের মধ্যে তার পরিবারের ছয় সদস্যসহ বাড়ির মোট ১০ জন রয়েছেন। বন্দরনগরীর নাসিরাবাদের বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন।
- ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংসদের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, ‘সাংসদ মোস্তাফিজুর, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার নিজের কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই এখনও সুস্থ আছি। কারো তেমন কোনো সমস্যা দেখা যায়নি। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা নিচ্ছি, স্যারও ভালো আছেন।’
- উল্লেখ্য, চট্টগ্রামের সাংসদদের মধ্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ১ জুন সাংসদসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮২৮জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল৬০ হাজার ৩৯১ জনে। ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮টি। আক্রান্তের হার ২০.০৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৮০৪ জন। সুস্থতার হার ২১.২০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৩ জন ও নারী সাতজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, সিলেট বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, বরিশাল বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ ১১ জন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাড়িতে ১৩ জন।
আমাদের বাণী ডট কম/০৫ জুন ২০২০/সিসিপি
