নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাদপড়া শিক্ষক-কর্মচারীদের ফের এমপিওর আবেদনের সুযোগ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার (২২ মে ২০২০) থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ শুরুর ঘোষণা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু এবারও অধিদপ্তরের এমপিওর কার্যক্রম প্রক্রিয়াকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত ইএমআইএস সেলের সার্ভার জটিলতার কারণে অনেক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির আবেদন করতে জটিলতার মুখোমুখি হচ্ছেন।

নতুন সূচি অনুসারে কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিও আবেদন শুরু হয়েছে ২২ মে থেকে। নতুন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা ২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

গত শুক্রবার (১৫ মে ২০২০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয় নতুন সূচি অনুসারে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। ৩১ মে পর্যন্ত নতুন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা আবেদন করতে পারবেন। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি কথা বলা হয়েছে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের।

আর নতুন সূচি অনুসারে কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। নতুন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা ২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

গত রবিবার (১৭ মে ২০২০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ড সৈয়দ গোলাম ফারুখ স্বাক্ষরিত  নির্দেশনা আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের কাছে পাঠানো  নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনযোগ্য আবেদনগুলো অনুমোদন করে আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রামারের আইডিতে সংরক্ষণ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের। যা পরবর্তী সময়ে ২২ মের পর কিন্তু ১৫ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। আর যেসব আবেদন অনুমোদন করার মতো না সেগুলো ২১ মে’র মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে রিজেক্ট করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের। যাতে প্রার্থী আগামী ২২ মে থেকে বিশেষ এমপিও আবেদন প্রক্রিয়ায় আবেদন করতে পারে।
আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।