বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান (৭০) মারা গেছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২০) সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। সংসদ সদস্য আব্দুল মান্নানের মামা মমতাজুর রহমান জানান, সকালে হাসপাতালে আব্দুল মান্নান মারা যান।
এর আগে আবদুল মান্নান গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২০) দুপুর সাড়ে ১২টায় ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দুপুর আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
উল্লেখ্য, আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।
