ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনার এই ক্রান্তিকালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ মঙ্গলবার (০৪ আগস্ট ২০২০)  সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী মতবিনিময়কালে এ হুঁশিয়ারি জানান তিনি।

মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সুবল বোস মনি ও শ্যামল চন্দ্র কর্মকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সতর্কতা জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম কাঙ্ক্ষিত নয়। কোনোভাবেই তা বরদাশত করা হবে না। আইন অনুযায়ী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। কর্তব্য পালনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পরিদর্শনে কোনো অনিয়ম পেলে সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করে সামগ্রিক চিত্র তুলে আনতে হবে।

‘করোনাকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের গতি দৃশ্যমান ছিল। এর মধ্যে আপনারা ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন, কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করেছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা সঙ্গে কাজ করেছেন, এটা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। করোনা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারি, উৎপাদক ও বিপণনকারীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতি যে কোনো মূল্যে পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ায় কোনো ঘাটতি নেই। ’

এসময় কোরবানির সময় ঢাকাসহ সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রাণিসম্পদ কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।

আমাদের বাণী ডট কম/০৪ আগস্ট ২০২০/পিপিএম

ঈদের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।