নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার জনপ্রতিনিধি যুক্ত হলেন। নওগাঁ–২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। ৪ নং ন্যাম ভবনে থাকা ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল শুক্রবার (০১মে ২০২০) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্যের করোনা পজেটিভ ধরা পড়ল।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর দেশে এই প্রথম কোন সংসদ সদস্য আক্রান্ত হলেন।
আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিকুল ইসলাম আতিক জানান, বুধবার শহীদুজ্জামান সরকার জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি করোনা সন্দেহে পরীক্ষা করান। শুক্রবার প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ আসে।
শহীদুজ্জামান এখন ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
এর আগে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা সাজু করোনায় আক্রান্ত হন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ্য হয়ে তিনি বাড়ী ফেরেন।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
