নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশে। আর করোনা ভাইরাসের শঙ্কায় কূটনীতিকসহ ২৬৯ মার্কিন নাগরিকদের পর এবার ঢাকা ছেড়েছেন ৩২৭ জন জাপানি। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) সকাল ১০টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০০১ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

এয়ারলাইন্সের তথ্যমতে, বোয়িং-৭৭৭ মডেলের ফ্লাইটটিতে ৩৩৬ জন জাপানি নাগরিক যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৯ জন কেন যেতে পারেননি এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশে জাপান দূতাবাসের তথ্যমতে, ঢাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা জাপানি নাগরিকদের বেশির ভাগই দেশটির অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্টোরেলসহ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তা। করোনা পরিস্থিতি বিবেচনায় তারা প্রত্যেকেই ছুটি চেয়েছেন, যা জাপান সরকার অনুমোদন করেছে এবং তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে উড়োজাহাজ ভাড়া করেছে।

এর আগে সোমবার বিশেষ ফ্লাইটে কূটনীতিকসহ ২৬৯ মার্কিন নাগরিক তাদের দেশে ফিরে যান। ভুটান ও মালয়েশিয়াও ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।