ডেস্ক রিপোর্ট;  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের সাবেক এক সিভিল সার্জনের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক সিলেট নগরের বাসিন্দা ছিলেন।

গতকাল শুক্রবার (২৩ মে ২০২০)  রাত ৯টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত পরীক্ষাগারে ওই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। ওই চিকিৎসক গতকাল সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত পরীক্ষাগারে ১৮৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্থাপিত বিশেষ পরীক্ষাগারে গতকাল ৯২ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সিলেটের তিনজন ও সুনামগঞ্জের একজন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত ৬০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটের ২৭৪, হবিগঞ্জের ১৫৬, সুনামগঞ্জের ৮৯ ও মৌলভীবাজারের ৮৩ জন রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৯ জন। আর আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৩ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২০ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ২০.২২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৬ জন ও নারী চারজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে চারজন ও হাসপাতালে আনার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৮৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৪১ জনকে।
আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।