রাজবাড়ী সংবাদদাতা; সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়। তিনি রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি।
এর আগে সোমবার সকালে এমপি সালমা কে রাজবাড়ী সদরের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এমপি সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা বলেন, রবিবার সালমার করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। সবার কাছে বোনের সুস্থতার জন্য দোয়া চাই।
রাজবাড়ীর সিভিল সার্জন বলেন, এমপি রুমাকে রাজবাড়ী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে তাকে ঢাকায় পাঠানো হয়। এখন পর্যন্ত জেলায় এক হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০২ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। ৩ হাজার ৬৮৪ টি নমুনা পরীক্ষায় এ তথ্য মিলেছে।দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

