ডেস্ক রিপোর্ট, ঢাকা;  রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দিবা বিভাগের ইংরেজির শিক্ষক মতিউর রহমান (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার (১৬ জুন ২০২০) দিবাগত রাতে বনশ্রীর স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার মানিকগঞ্জ নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বুধবার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক মতিউর রহমান মারা গেছেন। এদিন সন্ধ্যায় তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ২টার দিকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর বুধবার ভোরে অ্যাম্বুলেন্সে তার নিজ বাড়ি মানিকগঞ্জ ঘিওরে নেয়া হয়। বুধবার দুপুরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

মতিউর রহমানের সহকর্মীরা জানান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করেছেন তিনি। বনশ্রী শাখার সেরা ইংরেজি শিক্ষক হিসেবে মতিউর রহমানের সুনাম রয়েছে। পরিবারে তার দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে একটি বেসরকারি মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র। ছোট ছেলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় ৭ম শ্রেণিতে পড়ে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, মতিউর রহমান আইডিয়াল স্কুলের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। অভিভাবক-শিক্ষার্থীরা তাকে অনেক পছন্দ করতেন। তার মৃতুতে শিক্ষকরা শোকাহত। এ কারণে বুধবার বনশ্রী শাখার অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করানো হবে বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮   হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।

আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।