কুমিল্লা সংবাদদাতা; জেলার  নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসক, দুইজন স্বাস্থ্যকর্মী এবং বুড়িচং উপজেলার একজন দন্ত চিকিৎসকসহ জেলায় এক দিনে নতুন আক্রান্ত হয়েছে ৬৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৬ জনে। এ দিন জেলায় একজন সুস্থ হয়েছেন। দুইজন মারা গেছেন।

আজ শনিবার (২৩ মে ২০২০)  করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা.নিসর্গ মেরাজ চৌধুরী জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগরে ১৪ জন, কুমিল্লা সিটি করপোরেশনের শাসনগাছা ও সরকারি মহিলা কলেজ রোডে তিনজন, আদর্শ সদরে দুইজন, সদর দক্ষিণে ছয়জন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসক,দুইজন স্বাস্থ্যকর্মীসহ ২৫ জন, লাকসামে সাতজন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন আক্রান্ত হন। শনিবারের দুইজনসহ মোট মারা গেছেন ১৯ জন। এ দিন লালমাইয়ে একজনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৩ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২০ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ২০.২২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৬ জন ও নারী চারজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে চারজন ও হাসপাতালে আনার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৮৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৪১ জনকে।
আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।