কুষ্টিয়ায় বাজার থেকে ফেরার পথে বাসের নিচে চাপা পড়ে জীবন গেল মহিলা অধিদফতরের এক কর্মচারীর। তার নাম আব্দুল বারেক মন্ডল (৪৩)। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া মন্ডল পাড়ার হোসেন মন্ডলের ছেলে।
আজ বুধবার ( ১৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া কুমারখালী সড়কের কালু মোড়ে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ঘটনার পর দূর্ঘটনা কবলিত বাস টি রাস্তায় ফেলে পালিয়ে যায় চালকসহ বাসের অন্যান্য স্টাফরা।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আব্দুল বারেক মন্ডল কুমারখালী বাজার থেকে বাজার সেরে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল। সে কালু মোড় নামক স্থানে পৌছালে অপর দিক থেকে ছেড়ে আসা রিফাত সুপার ডিলাক্স নামের একটি দ্রুতগামী বাস তাকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মটরসাইকেলসহ চালক বারেক মন্ডল বাসের নিচে ঢুকে যায় এবং পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পরে খবর পেয়ে কুমারখালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এছাড়া দূর্ঘটনা কবলিত বাস ও মটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘতক বাসের কাউকে আটক করতে পারিনি।
নিহত বারেক মন্ডলের মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেছেন নিহত বারেক মন্ডলের ভাইরা মামুন।
