গরীব কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ঋণ খেলাপিদের অনেক ঋণ মওকুফ করা হয়েছে। অনেক সময় অনেক সুযোগ-সুবিধা তাদের দেয়া হয়। তাই আমি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, প্রয়োজনে এ বছর গরীব কৃষকদের কৃষি ঋণ মওকুফ করুন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের মণিসংহ ট্রাস্ট স্মৃতি মিলনায়তনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাল রফতানি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার যেহেতু কৃষি বান্ধব সরকার, কৃষকদের সুবিধার জন্য, স্বল্প দামে সার দেয়, বীজ দেয়। তাই অর্থমন্ত্রীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানাবো কৃষ ঋণ নিয়ে যেন কোনো কৃষককে এ বছর হয়রানি করা না হয়। চাল আমদানি পুরোপুরি বন্ধ করারও আহ্বান জানান তিনি।
গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়ার সদস্য মাহমদুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির (জেপি) সহ-সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
