কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্নীতির রাহুগ্রাসে তলিয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ভান্ডার। খোকসা উপজেলা নির্বাহী অফিসে এলাকাবাসীর পক্ষে অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বড়বাবু (হিসাব রক্ষক) নিলুফা আক্তার স্থূল দুর্নীতির কারসাজি করে সরকারি ডরমেটরি ভাড়া নাম দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কর্মকর্তাদের আবাসন সুবিধা ভোগ করছেন।
সরকারি বিধি মোতাবেক বেতনের ৪০ শতাংশ বাসা ভাড়া কাটার কথা থাকলেও খাতা-কলমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী নিলুফার আক্তার বড়বাবু ও হাসপাতালের স্টাফ নার্স মুন্নি খাতুন, ইতি খাতুন, শ্যামলী খাতুন, ফাহমিদা খাতুন ও ড্রাইভার এলিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিলাসবহুল ১০ হাজার টাকা মূল্যের মাসিক বাসা ভাড়া ব্যবহার করছে বলে অভিযোগে বর্ণনা করেছেন।
দীর্ঘদিন যাবত এ সকল নার্স কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে আবাসন বাসা ব্যবহার করলেও এদের নামে ডরমেটরির মাত্র একটি বেড দেখানো হয়েছে। ফলে সরকারি ভাষা ব্যবহার করলেও সরকারের বড় অংকের রাজস্ব হারাচ্ছে।
হাসপাতালে এই সমস্যার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেলের সাথে কথা বললে তিনি বলেন, হাসপাতালে দুইজন সিনিয়র স্টাফ নার্স রয়েছে যারা অবিবাহিত তারা একটা রুম ভাড়া নিয়ে ডরমেটরির বানিয়ে বসবাস করছে।
তবে বড়বাবু নিলুফার আক্তার ও অ্যাম্বুলেন্স ড্রাইভার এলিম এর বাসার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
