ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসনসঙ্কট সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় গণরুমের শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসভবনে থাকার ঘোষণা দিয়েছেন এককভাবে আন্দোলন করে আসা ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। আন্দোলনের অংশ হিসেবে আগামী মঙ্গলবার ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সাথে সকালের নাশতা করার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে ভিসিভবনে থাকা শুরু করবেন বলেও জানান সৈকত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের গণরুমের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈকত বলেন, গণরুম সমস্যা সমাধানের জন্য ১ অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে গণরুমবাসী শিক্ষার্থীদের উপস্থিতিতে ছাত্র সমাবেশ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে আলটিমেটাম দেয়া হয়েছিল। অন্যথায় গণরুমের শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসভবনে ওঠার কথা বলেছিলাম। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আশাব্যঞ্জক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ জন্য প্রশাসনকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই; কিন্তু দুঃখজনক হলেও সত্য সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না, যা শিক্ষার্থীদেরকে আগের আশার বাণী শুনিয়ে শুনিয়ে কালক্ষেপণের কথাই স্মরণ করিয়ে দেয়।
তিনি বলেন, ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হয়েও শিক্ষার্থীদের আবাসনসঙ্কট সমাধান করতে পারছেন না, শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করবে আর তিনি প্রাসাদোপম বাংলোয় আয়েশে থাকবেন এটা কোনোভাবেই অভিভাবকসুলভ কাজ হতে পারে না। এ অবস্থায় গণরুম সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিভাবকের ছায়াতলে আশ্রয় নিতে চাই।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সঙ্কট নিরসন এবং গণরুম সমস্যা সমাধানের দাবিতে ১ সেপ্টেম্বর থেকে নিজের সিট ছেড়ে গণরুমে থাকছেন ডাকসু সদস্য সৈকত। পরে ৩ সেপ্টেম্বর গণরুম সমস্যা সমাধানকল্পে ভিসি বরাবর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বানের পাশাপাশি সাময়িক সমাধানের কয়েকটি প্রস্তাবনাসংবলিত স্মারকলিপি প্রদান করেন তিনি। এ ছাড়া এসব দাবিতে ১ অক্টোবর গণরুমের শিক্ষার্থীদের নিয়ে একটি ছাত্র সমাবেশও করেন তিনি।
