মেহেরপুর সংবাদদাতা; জেলার গাংনী উপজেলার সাহারবাটিতে করোনাভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জফেরত এক ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গেছেন। গতকাল  শনিবার (২৩ মে) ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসলে সন্ধ্যায় প্রশাসন তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়। পরে গভীর রাতে তিনি বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

এ ব্যাপারে সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে রিকশা চালাতেন। এক সপ্তাহ আগে তিনি নিজ বাড়িতে ফিরলে তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হলে স্বাস্থ্য বিভাগ তাকে শনিবার রাত থেকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে। সকালে তার পালিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাদিয়া আক্তার বলেন, আমরা সকালে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করতে গিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়েছি। তাকে উদ্ধার করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (২৪ মে ২০২০)  তথ্য অনুযায়ী দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৩২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৬১০ জনে। সুস্থ হয়েছে ৪১৫ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।