ডেস্ক রিপোর্ট, ঢাকা; দেশের আকাশে আজ সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ ছিল ২৯তম রোজা। তাই আগামীকাল দেশে ৩০তম রোজা পালিত হবে। অর্থাৎ আগামী সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।
দেশের কোথাও ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ রবিবার (২৩ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রোববার (২৪ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার (২৫ মে) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
করোনার কারণে এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। সকল উন্মুক্ত স্থানে ঈদের জামাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ কিছু শর্ত পালন সাপেক্ষে সরকার মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ
